করপোরেট একাডেমির উদ্যোগে পোস্ট গ্র্যাজুয়েট পিপ্লোমা ইন ভ্যাট, ইনকাম ট্যাক্স ও কাস্টম ম্যানেজমেন্ট-এর তৃতীয় ব্যাচের অরিয়েন্টেশন ও ভ্যাট ও ইনকাম ট্যাক্সের ওপর প্রফেসনালদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির প্রফেশনালরা।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন করপোরেট একাডেমির চেয়ারম্যান আরিফুর রহমান ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন করপোরেট একাডেমির চিফ মুভমেন্ট মেকার ও করপোরেট ট্রেনার ফরহাদ খান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের ২য় সচিব বাপন দাস সঠিকভাবে কর ব্যবস্থাপনা শিখে সুস্থ কর সংস্কৃতি গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং এই বিষয়ে প্রশিক্ষিত জনবল তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করার জন্য করপোরেট একাডেমিকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স ওমর ফারুক খান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সঠিকভাবে কর প্রশিক্ষণের মাধ্যমে প্রফেসনালদের আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতি জোর দেন। এ ক্ষেত্রে তিনি সঠিক কর সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার জন্য করপোরেট একাডেমির ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারের অন্যতম বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ভ্যাট ও ট্যাক্স বিশেষজ্ঞ স্লেহাসিশ বড়ুয়া বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে টেক্সেশন কমপ্লায়েন্স এর কোন বিকল্প নেই আর তাই সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ব্যবসার সঙ্গে সঙ্গে দেশেরও সামগ্রিক উন্নতি ত্বরান্বিত হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান। ব্যবসার শুরুর তিন বছরের মাথায় সর্বোচ্চ করদাতা হিসেবে নগদের স্বীকৃতি আদায়ের কথা উল্লেখ করে শেখ আমিনুর রহমান প্রতিটি প্রতিষ্ঠানে সুস্থ ভ্যাট কালচার গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদিচ্ছা থাকার প্রতিও তিনি জোর দেন।
সেমিনারে উপস্থিত আরেক বিশেষ অতিথি মোস্তফা সাজ্জাদ হাসান বিদ্যমান কর আইনের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর হালনাগাদ তথ্য সম্পর্কে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
করপোরেট একাডেমি পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যার ফলে দেশে সুস্থ কর সংস্কৃতি বিকাশে কার্যকরী ভূমিকা পালন করছে। যার ফলশ্রুতিতে ভ্যাট, আয়কর ও কাস্টমস এর সার্বিক পেশাগত উৎকর্ষ ব্রদ্ধির লক্ষ্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট, ইনকাম ট্যাক্স অ্যান্ড কাস্টমস ম্যানেজমেন্ট (পিজিডি ভিআইসিএম) কোর্সটি চালু করেছে যেটি ইন্টারন্যাশনাল প্রফেসনাল একাডেমি কাউন্সিল (আইপিএসি), সিংগাপুর কর্তৃক স্বীকৃত।
সমাপনী বক্তব্যে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিকুল ইসলাম কর সংশ্লিষ্ট আইন সমূহ সম্পর্কে ভালোভাবে জানার জন্য উপস্থিত প্রফেশনালদের উদ্বুদ্ধ করে সময়োপযোগী দিক নির্দেশনা প্রদান করেন। সেমিনারের শেষে অংশগ্রহণকারী সকল প্রফেসনালের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
