কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাদের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর এলাকার মৃত আশ্রফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ নূর ইসলাম ওরফে শেখ চানের কয়েদি নং- ৯৩৯০/এ এবং কাপাসিয়া থানায় হত্যা মামলায় তাইজুদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূর ইসলাম ওরফে শেখ চান এবং তাইজুদ্দিন কারাগারে বন্দী ছিলেন।

সোমবার সকাল ৬টার দিকে তারা দুজনেই কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নূর ইসলাম ওরফে শেখ চান এবং তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত