রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেটা ২০১৮ সালের ঘটনা। সেদিনের পর আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। তার এভাবে গা ঢাকা দেখে অনেকে ভেবেছিলেন এবার হয়তো অবসর নিয়েই নেবেন। মেসি নিজেও হয়তো সেটাই ভেবে রেখেছিলেন। কিন্তু লিওনেল স্কালোনির জন্য সেটি আর করতে পারেননি। ভাগ্যিস তার জীবনে ত্রাতা হয়ে এসেছিলেন কোচ। তাই তো আজ অমরত্বের হাতছানী দিচ্ছে তাকে।
এ বারের বিশ্বকাপে মেসির পায়ের জাদু দেখতেই পেয়েছে ফুটবল বিশ্ব। তাতে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। রবিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবেন তারা। এই জায়গায় মেসিকে দেখা যেত না স্কালোনি না থাকলে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর স্কালোনিকে আর্জেন্টিনার কোচ করা হয়। সেই সময় মেসিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়েছিলেন স্কালোনি। তিনি লিখেছিলেন, ‘লিও, আমি স্কালোনি। তোমার সঙ্গে কথা বলতে চাই।’
স্কালোনি কথা বলেন মেসির সঙ্গে। তাকে বোঝান কেন আর্জেন্টিনার তাকে প্রয়োজন। মেসিকে নিজের পরিকল্পনার কথা বলেন। মেসি ফিরে আসেন নীল-সাদা জার্সিতে। দলের আবহাওয়া পাল্টে দিয়েছেন স্কালোনি। মেসি চেয়েছিলেন কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিততে। প্রথমটি হয়ে গিয়েছে। দ্বিতীয়টি জিততে বাকি আর একটি ম্যাচ। সেই ম্যাচ জিততে আর্জেন্টিনা কোচ, ফুটবলাররা জেতার জন্য সব দিয়ে দেবেন। শুধু নিজেদের জন্য নয়, মেসির জন্য। মেসিকে বিশ্বকাপ জেতানোর জন্য মাঠে নামবে আর্জেন্টিনা।
২০০৫ সালে মেসির আন্তর্জাতিক অভিষেক ম্যাচে আর্জেন্টিনা দলে ছিলেন স্কালোনি। মাঠে নামার ৪৫ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখেছিলেন মেসি। সাজঘরে কাঁদতে থাকা মেসিকে সামলেছিলেন স্কালোনি। সেই স্কালোনির বার্তা পেয়ে অগ্রাহ্য করতে পারেননি মেসি। আর্জেন্টিনার কোচের একটি বার্তাতেই মত বদলেছিলেন মেসি। ফিরে এসেছিলেন নীল-সাদা জার্সিতে।
