দুই কর্মকর্তার বিরুদ্ধে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৩ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে সরকারি সার ও ভুট্টার বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে দুই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন তেঁতুলিয়া কৃষি অফিসের উপসহকারী ওমর ফারুক ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় উপজেলা প্রশাসন বরাবর মৌখিক অভিযোগ করেছেন শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে উপজেলা থেকে আমার ইউনিয়নের ৫০ জন গরিব ও নিম্ন আয়ের সাধারণ কৃষকের জন্য সরকারিভাবে জনপ্রতি ৩০ কেজি সার ও ২ প্যাকেট করে ভুট্টার বীজ বিতরণের জন্য অবহিত করে। বৃহস্পতিবার দুপুরে কৃষকদের নিয়ে উপজেলা কৃষি অফিসে গেলে তারা আগেই বিলি করে শেষ করেছে বলে জানান। কিন্তু তারা কীভাবে ইউনিয়নের বরাদ্দকৃত সার ও ভুট্টা অন্যভাবে বণ্টন করলেন, বুঝে উঠতে পারছি না। পুরোপুরি অনিয়ম দেখছি। তাদের কাছে বণ্টনের কাগজ দেখতে চাইলে দেখাতে পারেননি। পরে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করলে রাতে একটি মিথ্যা বণ্টনের কাগজ হাতে ধরিয়ে দেন তারা। সার ও বীজ বিতরণে পুরোপুরি অনিয়ম করেছেন উপসহকারী ওমর ফারুক ও কৃষি কর্মকর্তা। সাধারণ কৃষকদের হয়ে আমি এ ঘটনার বিচার দাবি করছি।’

অভিযোগ অস্বীকার করে কৃষি অফিসের উপসহকারী ওমর ফারুক বলেন, ‘দুপুরে চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম। তার ফোন বন্ধ ছিল। তাই তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় তার ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে আমরা অফিস থেকে সার ও বীজ বিতরণ করেছি।’

এ বিষয়ে জানতে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শালবাহান ইউপি চেয়ারম্যান অবহিত করেছেন। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত