রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে ৬৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি পেয়েছেন ৩৮ হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে ১৪ হাজার ৩১২ এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে ৯৩৫৬ ভোট পেয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের হোসেনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৬ হাজার ৫১৮ ভোট।
মঙ্গলবার রাত ৮টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। কিন্তু ইভিএম বিড়ম্বনায় ভোটগ্রহণে কিছু দেরি হয়। তবে এবার পুরো সিটিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট না দিয়ে চলে গেছেন।
কিছু কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটি, আঙুলের ছাপ নিয়ে জটিলতা, বয়স্ক ভোটারদের ভোট দেরিতে হওয়ায় সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন প্রার্থীসহ ভোটাররা।
