মেনন বললেন

মেট্রোর যুগে প্রবেশ করলেও মানুষের সংকট কাটেনি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৪:২৪ এএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি, কাটছে না। মানুষকে তার খাবারের জন্য প্রতিদিন টিসিবির ট্রাকের পেছনে লাইন দিতে হয়। একটু বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সাবেক মন্ত্রী ও ১৪ দলের নেতা মেনন বলেন, ‘খুলনা শিল্পাঞ্চল এখন মৃত্যুপুরী। লাখো শ্রমিকদের বেকারত্ব ও কর্মহীনতার কান্না শোনা যায়। সারা দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু শ্রমিক-কৃষক মেহনতি মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মানুষের উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন হবে না।’

বিএনপি উত্থাপিত ১০ দফার সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি ভ্রান্ত রাজনীতিতে রয়েছে। তারা ১০ দফার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। জনগণকে সম্মিলিতভাবে শাসন-শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নারী মুক্তি ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান। বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর সাহা দিপু, খুলনা মহানগর সভাপতি মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত