কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে চারজন উখিরার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাকি দুজন টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গত সোমবার দুপুর ১টার দিকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় রাত ১০টার দিকে।
গতকাল মঙ্গলবার কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন উখিয়ার ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইব্রাহিম (২৩), মো. আরিফ (৩৩), মো. মাহমুদুর রহমান (১৮) ও উখিয়ার ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নবী হোসেন (২৮), টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আমিন (৩৩) ও মো. কানিজ (২৪)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছেবিদেশি পিস্তল দুটি, একনলা বন্দুক তিনটি, এলজি দুটি, শটগান একটি, দেশি পিস্তল ছয়টি, পিস্তলের ম্যাগাজিন চারটি, তাজা গুলি ৪৫০ রাউন্ড, ফাঁকা গুলি ৩৯ রাউন্ড, রামদা চারটি, ইয়াবা ২০ হাজার, বিদেশি মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক সাত সেট, হ্যান্ডকাফ একটি, ল্যান্ড ফোন একটি ও বাটন মোবাইল চারটি।
