মাশরাফির নতুন দল সিলেট স্ট্রাইকার্সের বিপিএলে অভিষেক হয়েছে জয় দিয়ে। নবম আসরের দ্বিতীয় দিনে আজ তাদের মুখোমুখি সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। গতবারের রানার্স-আপ এই দলে আছেন রিয়াদ, মিরাজ, খালেদ ও এবাদতরা। যাদের উপস্থিতি কাগজে-কলমে শক্তিশালি করে তুলেছে দলটিকে।
যদিও লড়াইটা মূলত সাকিব ও মাশরাফির। দুজনই বিপিএলের সফলতম অধিনায়কদের তালিকায়। বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকার লড়াই কেমন হয়, সেদিকে থাকবে সবার চোখ। বরিশাল অবশ্য আজ প্রথম ম্যাচ হওয়া তারা একটু বেশিই রোমাঞ্চিত।
দলটির মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের কথায় জান গেছে, ‘প্রথম ম্যাচ নিয়ে একটা রোমাঞ্চ থাকবে, এটাই স্বাভাবিক। প্রায় এক সপ্তাহ ধরে আমরা অনুশীলন করছি। আমাদের বিদেশি ক্রিকেটাররা এর মধ্যে চলে এসেছে। তাদের নিয়েও আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন দলটাকে খুব সাজানো মনে হচ্ছে। আশা করছি কাল আমরা ভালো করতে পারব। সিলেটের সঙ্গে আমাদের খেলা, তারাও ভালো দল। আমাদের জন্য টুর্নামেন্টের ভালো শুরু করা গুরুত্বপূর্ণ।’
গুরুত্বপূর্ণ কাজটা সিলেট অবশ্য আগেই সেরে ফেলেছে। প্রথম ম্যাচের জয়ে যে সিলেটকে কিছুটা এগিয়ে রাখবে, সেটা মানছেন নাজমুল আবেদীনও, এ ধরনের টুর্নামেন্টে দল গোছানোর জন্য সময় লাগে। একটা ম্যাচ খেলে ফেলতে পারলে যেকোনো দলই এ ক্ষেত্রে কিছুটা এগিয়ে যায়। খেললে দলে শক্তি ও দুর্বলতাগুলো সামনে চলে আসে। যা পরবর্তী ম্যাচে কাজে লাগানো যায়। সেদিক থেকে এক ম্যাচ খেলায় এবং সেটা জেতায় সিলেটের কিছুটা সুবিধা হবে। তারপরও বলব, একটা ম্যাচই খেলেছে তারা। খুব বেশি যে এগিয়ে থাকবে, তা নয়।
খেলা যেহেতু রাতে, শিশির ও প্রচণ্ড কুয়াশা হয়ে উঠতে পারে সিলেট ও বরিশালের আরেক চ্যালেঞ্জ। প্রথম দিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচে দুই দলেরই বল দেখতে কষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেটাররা।