পেশাদার জীবনে খেলোয়াড়দের রাজনীতিতে যোগ না দেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম

পেশাদার জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হতে খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে সমাসীন রাখুন। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।’

সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘যিনি যে খেলায় ভালো করতে পারবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের খেলাটিকে নিশ্চিন্তে পেশা হিসেবে গ্রহণ করে মনোযোগ দিয়ে খেলাধুলা করতে পারেন এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক অনিশ্চয়তা বা টানাপোড়েনে না ভোগেন, সে লক্ষে বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়নের কাজ শুরু করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই যাতে খেলাধুলার সুযোগ পায় এ জন্য শিক্ষা কারিকুলামে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেয়া হয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশের দুই ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান উভয়েই খেলোয়াড় থাকাকালীন অবস্থাতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে সাকিব আর দেশে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাশরাফি দেশে থাকলেও আছেন অনেকটাই নিভৃতবাসে। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই দুজনকেই ভিন্ন ভূমিকায় ক্রিকেটে ফেরানোর আলোচনা নিয়মিতই শোনা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত