অপহরণের শিকার স্কুলশিক্ষক নূরুল আমিনকে (৫৫) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আব্দুল বারী (৪৩) ও শফিউল আলম (৪০)।
অপহরণের পাঁচদিন পর গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার তেজগাঁও থেকে আদিতমারী থানার পুলিশ নূরুল আমিনকে উদ্ধার করে। নূরুল আমিন আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গতকাল বিকেলে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ সব তথ্য জানান। পুলিশ সুপার আরও জানান, গত শুক্রবার সকালে ১০ থেকে ১২ জনের একটি দল নূরুল আমিনের বাড়িতে ঢুকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে নূরুল আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায়।
