চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক নারীকে রাস্তায় কুপিয়ে হাতের কবজি ও গোড়ালি কেটে ফেলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মহিলা পরিষদ। একই সঙ্গে ওই নারীর স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে তারা। গতকাল রবিবার মহিলা পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পারিবারিক সহিংসতার নির্মম ও বর্বর রূপ হচ্ছে প্রকাশ্যে রাস্তায় ফেলে গৃহবধূর হাতের কবজি ও পায়ের গোড়ালি কেটে বিচ্ছিন্ন করা। এ ঘটনা ঘরে-বাইরে নারীর নিরাপত্তা ও সার্বিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
