কয়েকটি গণমাধ্যমে তাদের সংগঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শুক্রবার সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের প্রতিনিধিদলের সাক্ষাতে দেশের শিক্ষাব্যবস্থার সমস্যার সমাধান এবং মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীদের শাস্তিসহ ৭ দফা দাবি জানানো হয়েছিল। সেখানে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়নি, মুচলেকা দেওয়ার তো প্রশ্নই আসে না।
বিবৃতিতে আরও বলা হয়, ‘হেফাজত কোনোকালেই নিজেদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট করেনি, আগামীতেও করবে না। তাই নতুন করে কারও কাছে রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্নটাই অবান্তর। কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে হেফাজতকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা যেভাবে কর্মকাণ্ড পরিচালিত করে আসছি, আগামীতেও সেভাবেই করব। রাজনৈতিক স্বার্থে হেফাজতকে ব্যবহারের কোনো অপচেষ্টা সফল হবে না।’
