মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়াড়িদের ধরতে গিয়ে হামলায় থানার পরিদর্শকসহ (তদন্ত) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক জুয়াড়িও আহত হন। পুলিশ চারজনকে আটক করেছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল বুধবার সকালে আহত এএসআই আক্তার হোসেন বাদী হয়ে হামলা, সরকারি কাজে বাধা এবং জুয়ার ঘটনায় পৃথক দুটি মামলা করেন।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রাজ্জাক, এএসআই আক্তার হোসেন, এএসআই জালাল উদ্দিন ও কনস্টেবল মামুনুর রশিদ।
পুলিশ জানায়, উপজেলার উত্তর তিলকপুর এলাকায় খোলামাঠে ছাপড়া তৈরি করে স্থানীয় জুয়াড়িদের নেতৃত্বে জুয়া খেলার সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম এবং টাকাসহ জুয়াড়ি জাবের আহমদ, খোকা মিয়া, সায়েম মিয়া, শামীম আহমদ, শাওন ওরফে শামন মিয়া, কাউসার আহমদ ও কামাল মিয়াকে আটক করে পুলিশ। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে কয়েকজন পালিয়ে গিয়ে শোরগোল ও আটকরা ডাকাত বলে চিৎকার শুরু করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের অন্য একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিয়ে উত্তর তিলকপুর জামে মসজিদের সামনে আসামাত্র পালিয়ে যাওয়া জুয়াড়ি ও স্থানীয় ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা আটক জুয়াড়ি জাবের, খোকা, সায়েম ও শামীমকে ছিনিয়ে নিয়ে পিছু হটে। পরে আটক শাওন ওরফে শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়াসহ চারজনকে নিয়ে থানায় ফেরে পুলিশ। রাতেই হামলায় আহত পুলিশ সদস্যদের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, আটক ব্যক্তিদের গতকাল দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
