রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোক্তার হোসেন (২১)। গত বুধবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মোক্তারের বাড়ি শেরপুর সদর উপজেলার পাঞ্জরডাঙ্গা গ্রামে। মহাখালী কড়াইল বস্তিতে থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।
হাসপাতালে নিয়ে যাওয়া তার বন্ধু সাব্বির আহমেদ শিমুল মিয়া জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন মোক্তার। রাতে কাজ শেষে অফিস থেকে বাসায় ফিরছিলেন। অসাবধানতাবশত মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
