ব্রিফিংয়ে পুলিশ কমিশনার

নির্যাতনে নয় রবিউলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২১ এএম

গাজীপুরে পুলিশ হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় পর্যবেক্ষণসহ একটি সুপারিশ গতকাল সোমবার পুলিশ কমিশনারের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি। কমিটির সুপারিশে থানা পুলিশের গাফিলতিসহ পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে।

এ বিষেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার গতকাল দুপুরে তার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘বাসন থানা হাজতে বা পুলিশের নির্যাতনে নয়, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৫)। তবে দায়িত্বে গাফিলতির কারণে ওই থানার ওসিকে ক্লোজড এবং দুই এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

অনলাইনে জুয়া খেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পেয়ারা বাগান এলাকা থেকে সুতা ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে। গত ১৮ জানুয়ারি রাতে থানা থেকে পুলিশ তাকে ছেড়ে দিলে বাসায় ফেরার পথে ঢাকা-বাইপাস সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রবিউল গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত