মেলায় প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের চিঠি নিয়ে বই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২২ পিএম

অমর একুশে বইমেলা প্রকাশিত হয়েছে আহমাদ শামীমের অনুবাদ বই ‘প্রথম বিশ্বযুদ্ধের চিঠি: রণাঙ্গন থেকে সৈনিকদের লেখা’। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে রণাঙ্গন থেকে আপনজনদের উদ্দেশ্যে পাঠানো চিঠি নিয়ে বইটি ।

‘প্রথম বিশ্বযুদ্ধের চিঠি: রণাঙ্গন থেকে সৈনিকদের লেখা’এর প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। বইটি পাওয়া যাাচ্ছে অমর একুশে বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশনের ৬৫-৬৬ নং স্টলে। এর ভূমিকা লিখেছেন কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম।

যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকরা রণাঙ্গণ থেকে তাদের আপনজনদের উদ্দেশ্যে অজস্র চিঠি লিখেছিল। সেগুলো থেকে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, আমেরিকা, ভারত ও রাশিয়া- নয় দেশের ৬৯ জন সৈনিকের ৮৬টি চিঠি সংকলিত হয়েছে এই গ্রন্থে।

১৯১৪ সালের জুলাই মাসে প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়। যুদ্ধের ফলে পৃথিবী মুখোমুখি হয় এক নতুন সংকটের। প্রতিশোধপরায়নতা আর সাম্রাজ্যবাদি উচ্চাকাঙ্খায় পরাশক্তিগুলো পরস্পর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। যুদ্ধে অগণিত সাধারণ মানুষের পাশাপাশি দুই কোটিরও বেশি সৈনিক নিহত হয়।
রণাঙ্গনের বিরুদ্ধ পরিবেশ থেকে সৈনিকরা যুদ্ধের বর্ণনা দিয়ে, কখনো কখনো নিজেদের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনার কথা জানিয়ে আবার কখনো শেষ বিদায় নিতে চিঠি লিখেছে আপন মানুষদের কাছে। এসব চিঠিতে ফুটে ওঠে যুদ্ধদিনের ভয়াল চিত্র।

‘প্রথম বিশ্বযুদ্ধের চিঠি’ গ্রন্থটি মানবজীবনের চূড়ান্ত সত্যের মুখোমুখী হবার নানাবিধ অনুরণনকে দেশ, কাল, জাতি, সংস্কৃতি ও সমাজভেদে মিল-অমিলের বিভিন্ন মাত্রায় অনুধাবন করার এক অসাধারণ পরিসর।

একশ বছরেরও বেশি সময় আগে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, প্রেমিকা কিংবা বন্ধুকে লেখা চিঠিগুলো পাঠকের হৃদয়কে কখনো আবেগে ভাসাবে, কখনো আবার দুঃখে ভারাক্রান্ত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত