সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার রকি আহমেদ (১৯) ও জামগড়া বটতলা এলাকার ইয়ার হোসেন (১৯)। এ ঘটনায় পলাতক রয়েছেন আরেক আসামি মঈনুল ইসলাম হৃদয় (২২)।
অপরদিকে ভুক্তভোগী পোশাক শ্রমিক জাহিদ (২৩) লালমনিরহাটের খোরাগাছ গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি জামগড়া বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় স্টার্লিং স্টাইল গার্মেন্টস লিমিটেড কারখানায় আয়রনম্যান হিসেবে চাকরি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আগুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠ এলাকায় এক পরিচিতের সঙ্গে দেখা করতে যান ভুক্তভোগী জাহিদ। এ সময় অভিযুক্তরা কথা বলার জন্য তাকে পাশের নির্জন স্থানে নিয়ে যায় এবং হঠাৎ মারধর শুরু করে তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে।
সঙ্গে টাকা না থাকায় ভুক্তভোগী জাহিদকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে আটকে রেখে তার বাবাকে ফোন করে মুক্তিপণ হিসেবে বিশ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে শনিবার সকালে মুক্তিপণের টাকা আদায় করে ভুক্তভোগী শ্রমিককে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ সময় আগে থেকেই সাদা পোষাকে অবস্থানরত পুলিশ সদস্যরা মুক্তিপণের টাকাসহ দুই অপহরনকারীকে আটক করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবজালুল হক জানান, পোশাক শ্রমিককে অপহরন করে মুক্তিপন আদায়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ, মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা নেশাগ্রস্ত এবং প্রায়ই তারা এ ধরনের অপরাধ করে থাকে। এঘটনায় মামলা দায়ের করে রবিবার অপহরনকারীদের আদালতে পাঠানো হবে। পাশাপাশি চক্রের অপর সদস্যকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
