জামালপুরের মাদারগঞ্জে প্রায় ৭৫০ একর তিন ফসলি আবাদি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগের প্রতিবাদে এবং স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে ওই চরাঞ্চলের মানুষ। গতকাল শনিবার দুপুরে জমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজ্জার চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নদী ভাঙলে জমি খাস আইন বাতিল বাস্তবায়ন কমিটির সমন্বয়ক কবি আলতাফ হোসেন, চরাঞ্চল ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, নাট্যকার বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, গোলাম ফারুক মাস্টার, কাইজ্জার চর এলাকার সাখাওয়াত ম-ল, কৃষক আশরাফ হোসেন, হাজি রসুল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী সিকস্তি অঞ্চলের ডিএস, সিএস, এসএ রেকর্ড ও জমিদারি আমলের পয়স্তি মালিকানা হরণ করে কাইজ্জার চর এলাকায় প্রায় ৭৫০ একর জমি ভুল ব্যাখ্যা করে বিআরএস রেকর্ড অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়া হয়। বাপ-দাদার আমলের সে সমস্ত মালিকানা জমি খাস খতিয়ানভুক্ত করে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রক্রিয়া চলছে। এতে জমিজমা হারিয়ে নিঃস্ব হওয়ার পথে চরাঞ্চলের ১০ সহস্রাধিক মানুষ।
বক্তারা আরও বলেন, এ এলাকার এক শতাংশ জমিও অনাবাদি নয়। অথচ প্রতিটি তিন ফসলি জমি অনাবাদি দেখিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ওই জমিগুলো খাস বলে জানি। তবে তিন ফসলি কি-না, তা তদন্ত করে দেখতে হবে।
