‘দুর্নীতি দমনে পাশে থেকে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করারই দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) মূল লক্ষ্য’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে কেক কাটা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি দমন ও প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন। এ সময় তারা গত এক বছরে ডুসার কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।
গত বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডুসার যাত্রা শুরু হয়। গত এক বছরে ডুসা দুদকে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সহায়তা, মৃত্যুবরণ করা কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তা, দেশের বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়াসহ নানা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করেছে। এ ছাড়াও দুদক কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানামুখী কাজ করেছে।
নতুন বছরে সবার সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের চেয়ে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডুসার সদস্যরা। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে।
