লালন-পালনের কথা বলে গাজীপুর থেকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার পর ১৭ মাস বয়সী এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে গাজীপুর সদর থানা পুলিশ। এ সময় অপহরণকারী ও শিশুটির ক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাদের রিমান্ড আবেদনসহ গাজীপুরের আদালতে পাঠানো হলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উদ্ধার করা শিশুর নাম মো. রুহান মোস্তফা। সে রংপুর মহানগরীর হারাগাছ থানার চালকুঠি এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে। শিশুর বাবা-মা গাজীপুর মহানগরীর সদর থানার উত্তর বিলাশপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে ওই এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।
গ্রেপ্তার অপহরণকারী মো. শরিফুল আলম লিটন (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর থানার কোদালিয়া এলাকার মো. শফিউল আলম ওরফে হকা মেলেটারির ছেলে। সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় শিশুর বাবা গত বুধবার রাতে অভিযোগ করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
