ঘুড়ির কারণে ফের মেট্রোরেল চলাচল বিঘ্নিত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ এএম

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর তারে ঘুড়ি আটকে যাওয়ার কারণে আবারও কিছু সময় বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। গতকাল শনিবার দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আজকেও (গতকাল) কিছু সময় ট্রেন বন্ধ ছিল। ওই ঘুড়ির জন্য এই সমস্যা হয়েছে। মানুষের যদি সেন্স না থাকে, আমাদের আর কী করার আছে। আমরা পুলিশের সাহায্য নিয়েছি, মাইকিং করছি। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আর কী করতে পারি।’

স্টেশনের কর্র্তৃপক্ষ থেকে জানা যায়, ‘সকাল সাড়ে ৯টার কিছু সময় পর লাইনে একটি ঘুড়ি আটকে যায়। এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এই ঘুড়ি ছাড়াতে গেলে পুরো লাইনটি বন্ধ করতে হতো। ফলে হঠাৎ করে এই সমস্যাটি তৈরি হয়েছে। এটা যখন অপসারণ করা হয়েছে, তখন ২০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। এই ঘুড়ির কারণে গত ১৯ ফেব্রুয়ারিও কিছুক্ষণ সিঙ্গেল লাইনে চালাতে হয় মেট্রোরেল।

এদিকে মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত