সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) কার্যকরী কমিটির (২০২৩-২৪) নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে আগে একই পদে থাকা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। শীর্ষ দুই পদ ছাড়া সহসভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক পদে আরও ১২ জনের নাম ঘোষণা করেছে বিএনপিপন্থিদের এই ফোরাম।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ঘোষণা করা হয়। ওই প্যানেলে সভাপতি পদে সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলালকে মনোনয়ন দেওয়া হয়।
গত ২৩ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের দুদিনব্যাপী ভোটগ্রহণ হবে। এতে কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহসভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির ৭টি সদস্যসহ ১৪টি পদে সমিতির তালিকাভুক্ত ৯ হাজার ২০০ আইনজীবী ভোট দেবেন। সম্প্রতি নির্বাচন পরিচালনা উপকমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতিতে জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠকে আলোচনার পর গত ২ মার্চ জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক করে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়।
