ফেনীতে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক আইনজীবী, পুলিশের তিন বরখাস্তকৃত কর্মকর্তাসহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।
এ সময় মামলায় জেলহাজতে থাকা প্রধান আসামি এএসআই মাহফুজসহ পাঁচজন, জামিনে থাকা তিনজন মিলে আটজনকে আদালতে এ হাজির করা হয়। সাজাপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাসহ অন্য পাঁচ আসামি পলাতক।
গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। মামলার ১৫ আসামির মধ্যে পাঁচজন গ্রেপ্তার ও চারজন উচ্চ আদালত থেকে জামিনে ছিল এবং বাকি পাঁচজন আসামি পলাতক ও একজন মারা গেছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফয়েজুল হক মিলকী, আনোয়ারুল ইসলাম ফারুক, জাহিদ হোসেন কমল, মীর মোশাররফ হোসেন মানিক ও তাজুল ইসলাম ভূঞা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২১ জুন ফেনী শহরতলির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে একটি শিশুকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারে করে পালিয়ে যাচ্ছিলেন এএসআই মাহফুজুর রহমান। র্যাব-৭-এর একটি দল গাড়িটি ধাওয়া করে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ও সাত লাখ টাকা জব্দ করে তারা।
