উদীচীর তিন দিনব্যাপী গণসংগীত উৎসব শুরু

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১২:৪৪ এএম

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। ‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’Ñএই সেøাগানে গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।

উৎসবের উদ্বোধন করেন উদীচীর উপদেষ্টা লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি। এ সময় সমবেতভাবে জাতীয় এবং সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে একাদশ উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে একজন ঢাকি এবং ১০ জন ঢুলি মিলে ঢাক ও ঢোলের বাদ্যে চারপাশ মুখরিত করে তোলেন। এ সময় নানা রঙের আবির ছড়িয়ে দিয়ে নেচে-গেয়ে আনন্দে মাতেন উদীচীর শিল্পী-কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতিজন ম. হামিদ, এবারের উৎসবের আমন্ত্রিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী কংকন ভট্টাচার্য, গণসংগীত শিল্পী কফিল আহমেদ প্রমুখ।

সন্ধ্যায় মঞ্চে একক গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী কংকন ভট্টাচার্য, ফকির সিরাজ, কফিল আহমেদ, তানভীর আলম সজীব, সুরাইয়া পারভীন, আবিদা রহমান সেতু ও শিল্পী আকতার। আর দলীয়ভাবে গণসংগীত পরিবেশন করেন ঋষিজ, বহ্নিশিখা, সহজিয়া, ভিন্নধারা এবং উদীচী।  এর আগে সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয় জাতীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতা। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ, মাহমুদ সেলিম, ড. বিশ^জিৎ রায় ও শাহীন সরদার।

উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার বিকেল ৪টা থেকে শুরু হবে আলোচনা পর্ব। আলোচনায় অংশ নেবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, আমন্ত্রিত অতিথি পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী মন্দিরা ভট্টাচার্য, গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার এবং জামসেদ আনোয়ার তপন।

উৎসবের তৃতীয় ও শেষ দিন আগামীকাল রবিবার ছায়ানট মিলনায়তনে ভারত থেকে আসা অতিথি শিল্পী কংকন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য ও রঞ্জিনী ভট্টাচার্যের পরিবেশনা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত