অনৈতিক সম্পর্কের অভিযোগ জাবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৫:৫৩ পিএম

প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩১১তম সভায় এ কমিটি গঠন করা হয়। এর আগেও একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনের পর অধিকতর তদন্তের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়েছে।


কমিটির প্রধান করা হয়েছে, রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা এবং সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) শাহনাজ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মোহাম্মদ তারেক, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক।

উল্লেখ্য, গত ১ মার্চ এক চিঠিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর পরই মূলত এই তদন্ত কমিটি গঠন করা হলো। মাহমুদুর রহমানের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে ব্যবস্থা নিতে গড়িমসি করেছিল বলে এর আগে অভিযোগ করে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা এসব অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন পর্যন্ত করেছিলেন।

গেল বছরের নভেম্বরে এক ছাত্রীর সঙ্গে মাহমুদুর রহমানের বেশকিছু ছবি ও মেসেঞ্জার আলাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একাধিক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে আসে। এদিকে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে একজনকে জোরপূর্বক গর্ভপাত করাতে বলতে শোনা যায় তাকে।

তার সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকা ছাত্রীদের একজন কয়েকমাস আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই নিয়োগে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও বিভিন্ন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে অভিযোগ উঠেছে। জাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন। এসব অভিযোগ আসার পর গত ৮ ডিসেম্বর সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

তাকে সাময়িক বরখাস্ত করে তদন্তের দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ও বামপন্থী শিক্ষকরা। পাশাপাশি একই দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোও নানা কর্মসূচি পালন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত