ঢাকার সাভারে দাবি করা চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মারধর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় ছেলেকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় মালঞ্চ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আহত বাবা-ছেলেকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন মারধরের শিকার ব্যবসায়ী সাইফুল ইসলাম শিপলু।
এদিকে বাবা-ছেলেকে মারধরের ঘটনাটির সিসিটিভি ফুটেজের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।
যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে তারা হলো সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের হৃদয় (২৬), হিজলাপাড়ার আল মদিনা রোডের আল-আমিন (২৪), একই এলাকার নাসিরের ছেলে জয় (২৪), ছায়াবিথী এলাকার পিনিক রাব্বি (২৭) এবং কামাল রোডের আড়াপাড়ার ড্রেনমার্কেট এলাকার টুকু মিয়ার ছেলে রুহুল (২৫)।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান চলমান রয়েছে।’
