বাড়তি ওজন দেখে ডায়েট শুরু করেছেন? বেশ কয়েকদিন হল, তবু মেদ কিছুতেই কমছে না? ডায়েট করার সময়ে ঠিক নিয়ম মেনে চলছেন কি? নাকি ডায়েটের মাঝেই ক্ষুধা পেলে মুখে দিচ্ছেন রকমারি স্ন্যাকস?
অনেকেই ভাবেন, পরিমাণে কম খেলেই মেদ কমানো যায়। আসলে এমন ধারণা ভুল। ডায়েটের সময়ে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হয়। ডায়েট শুরুর দিকে ক্ষুধা পাওয়া খুবই স্বাভাবিক। ক্ষুধা পেলে কী ভাবে তা সামাল দেবেন, জানতে হবে সেই টোটকা।
১) ক্ষুধা পেলে বেশি করে পানি খান। এতে ক্ষুধা অনেকটাই কমে যাবে। পানি খেলে পেট ভরে যায়। যে কোনও ডায়েট করার সময়ে পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে শরীর থেকে টক্সিন পদার্থগুলি বেরিয়ে যায়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যাও সমাধান হয়।
২) ডায়েট করার সময়ে ফাইবার জাতীয় খাবার বেশি করে খান। এই প্রকার খাবার খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। ওটমিল, বার্লি, ফল ও শাক-সব্জিতে থাকে ফাইবার। খেতে পারেন মটর, সীম ও বিভিন্ন প্রকার ডালও।
৩) খাওয়ার সময়ে তাড়াহুড়ো না করাই ভাল। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ধীরে ধীরে চিবিয়ে খাবার খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। ক্ষুধাও কম পায়।
৪) ওজন ঝরানোর ক্ষেত্রে শরীরচর্চাও ভীষণ জরুরি। ডায়েটের পাশাপাশি শরীরচর্চা করলেও বার বার ক্ষুধা পায় না। এ ক্ষেত্রে অ্যারোবিক এক্সারসাইজ করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।
৫) মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে। ডায়েট শুরু করলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এ রকম হলে কিন্তু আমরা অজান্তেই বেশি পরিমাণে খেয়ে ফেলি। তাই ডায়েট শুরু করার আগে মানসিক ভাবে প্রস্তুত হন। না হলে শত চেষ্টাতেও ওজন কমবে না।
