‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ নামের আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ের লাইটওয়েট ক্যাটাগরিতে সেরা হয়েছেন বাংলাদেশের সুরো কৃষ্ণ চাকমা।
রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রিংয়ে মঙ্গলবার থাইল্যান্ডের আনা পুংখেত ও বাংলাদেশের সুরো কৃষ্ণ মুখোমুখি হন। ম্যাচটি ছিল ছয় রাউন্ডের।
প্রথম রাউন্ডে প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন বাংলাদেশের বক্সার। দ্বিতীয় রাউন্ডে শুরু থেকে সুরো কৃষ্ণ চড়াও হতে থাকেন পুংখেতের উপর। এরপর একটু নিচু হয়ে পেটে কষে পাঞ্চ করেন। তাতেই ছিটকে যান থাইল্যান্ডের বক্সার।
গত বছর বাংলাদেশে হওয়া সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘দ্য আল্টিমেট গ্লোরি‘-প্রতিযোগিতায়ও সেরা হয়েছিলেন সুরো কৃষ্ণ।
এদিকে ওয়েল্টারওয়েট ক্যাটাগরিতে ভারতের দুশান্ত শ্রীভাস্তভার কাছে হেরেছেন বাংলাদেশের আল আমিন। গতবার সুরো কৃষ্ণর মতো তিনিও নিজের ক্যাটাগরিতে সেরা হয়েছিলেন।