`বাংলাদেশে মানবাধিকার নিশ্চিতে কাজ করবেন অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতা'

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে সমর্থন পেতে বুধবার (২২ মার্চ) অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে সিনেটর কক্ষে বিরোধী দলের নেতা, পররাষ্ট্রবিষয়ক ছায়ামন্ত্রী সাইমন বার্মিংহাম এবং যোগাযোগ ও মিডিয়ার ছায়ামন্ত্রী ডেবিট কুলম্যানের সঙ্গে বিএনপির প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে।

বৈঠকে শেষে সাইমন বার্মিংহাম তার দলের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা এবং সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক এম এ ইউসুফ শামীম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কুদরত উল্লাহ লিটন, সাবেক জাসাস সভাপতি আব্দুস সামাদ শিবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, যুবদলের সভাপতি খাইরুল কবির পিন্টু।

বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্মারকলিপি এবং রোড টু গণতন্ত্র বইটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‌'বাংলাদেশি-অস্ট্রেলীয় নাগরিক হিসেবে বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে যে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, তার জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সম্মানের সঙ্গে এ বেআইনি কর্মের অবসান ঘটাতে এবং স্বচ্ছতা ও জবাবদিহির জন্য আমাদের প্রচেষ্টায় আপনার সমর্থনের জন্য অনুরোধ করছি। উপরন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুরক্ষিত ও সমুন্নত থাকে, তা নিশ্চিত করার জন্য আমরা একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে সুষ্ঠু ও অবাধ সংসদীয় নির্বাচনের জন্য আপনার সাহায্যের আহ্বান জানাই'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত