শজিমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:৩২ এএম

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ভর্তি হওয়া নবাগত ছাত্রদের নিজ গ্রুপে ভেড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেডিকেল কলেজ ছাত্রাবাসের নিচতলার ৫টি কক্ষ ভাঙচুর ও উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছেন।

গত বুধবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব বিষয় নিশ্চিত করেছেন বগুড়ার ছিলিমপুর (শজিমেক হাসপাতাল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছার রহমান। আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া শজিমেক ছাত্রাবাসে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ২০২৩ সালে মেডিকেলে সুযোগ পাওয়া (৩২ ব্যাচের) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভর্তি হতে এলে তাদের নিজ নিজ গ্রুপে ভেড়ানোকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  বগুড়া শজিমেক শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ বলেন, জুনিয়ররা ক্যাম্পাসে আসার পর তাদের থাকা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে সাধারণ সম্পাদকের অনুসারীরা আমার কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। অপরদিকে বগুড়া শজিমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি জানান, সভাপতির গ্রুপের নেতাকর্মীরা প্রথমে তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

ছিলিমপুর (শজিমেক হাসপাতাল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছার রহমান জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে সংঘর্ষ হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত