ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার এসব কর্মসূচি থেকে শামসের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
প্রথম আলোর সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামসের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। জাবির সাবেক শিক্ষার্থী শিমুল সালাউদ্দিনের সঞ্চালনায় গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। জাবির সাবেক ছাত্রনেতা, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা সমাবেশে অংশ নেন। তারা সাংবাদিক শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিলুপ্তি চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশে জাবির সাবেক শিক্ষার্থী নাসিরউদ্দিন প্রিন্স, গোলাম মুজতবা, ইমন রহমান, কল্লোল বণিক, সুস্মিতা মরিয়ম এবং আলতাফ শাহনেওয়াজ বক্তব্য দেন। তারা বলেন, সংবাদ লেখা ও প্রকাশের জন্য যে প্রক্রিয়ায় সংবাদিক গ্রেপ্তার ও মামলা করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়।
ছাত্র ফেডারেশন বরিশাল শাখা আলোচনা সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসের মুক্তির দাবি জানিয়েছে। গতকাল বিকেল ৩টায় ফকির বাড়ি রোডে জেলা কার্যালয়ে এই সভা হয়।
ঢাকার ধামরাইয়ে ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই প্রেস ক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। একই দাবিতে টাঙ্গাইলের সখীপুরের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে। দুপুরে সখীপুর প্রেস ক্লাবের সামনের উপজেলা পরিষদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা
