ইউক্রেনের আপত্তি উপেক্ষা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে রাশিয়া। এতে চটেছে কিয়েভ। এর আগে, রাশিয়া শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব পালন করেছিল। সে সময় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল দেশটি। এবার রাশিয়া এমন সময় নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণ করল যখন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ অবস্থায় নিরাপত্তা পরিষদে রাশিয়ার সভাপতিত্ব নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব পাওয়ার বিষয়টি খুবই হাস্যকর। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে, প্রতিষ্ঠানটি (জাতিসংঘ) সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।’ অন্যদিকে, বিষয়টিকে ‘এপ্রিল ফুলের’ সবচেয়ে বড় তামাশা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কিয়েভের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে সভাপতির দায়িত্ব নেওয়া থেকে আটকানো সম্ভব হয়নি বলে জানিয়েছে নিরাপত্তা পরিষদের আরেক গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটির মতে, স্থায়ী সদস্য হওয়ায় মস্কোকে আটকানোর কোনো উপায় ছিল না।
×
