স্থপতি ইমতিয়াজ হত্যাকান্ড

আরাফাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০২:২৪ এএম

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আরেক আসামি ফয়সাল আহমেদ রাহাত ওরফে আরাফাত (২৬) মুন্সীগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান দেন আরাফাত। কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ২৯ মার্চ বরিশাল সদরের কোতোয়ালি থানা এলাকা থেকে আরাফাতকে  গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ডিবির ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, ডিবি পুলিশের সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়া আসামি আরাফাতকে পরদিন ৩০ মার্চ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এতে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে গতকাল দুপুর ২টার দিকে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি আরাফাত ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

ডিবির ওসি আরও জানান, স্থপতি ইমতিয়াজ হত্যাকান্ডের অন্যতম আসামি আলিফকে এখনো ধরা যায়নি। তাকে গ্রেপ্তার করতে পারলেও হত্যাকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। 

গত ২৬ মার্চ ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা তথা ডিবি পুলিশ সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে স্থপতি ইমতিয়াজ হত্যাকান্ডের ৩ আসামি মিল্লাত হোসেন মুন্না (১৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও এহসান ওরফে মেঘকে (২৩) গ্রেপ্তার করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত