নারায়ণগঞ্জে মেরাজুল হত্যা

কাউন্সিলরসহ ২০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:৫০ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে ওয়ার্কশপ মালিক মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত মেরাজুলের মা নাছরিন আক্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়াকে প্রধান আসামি করে এ মামলা করেন।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মামলায় আব্দুর রব ও স্বপন নামে এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তারের পর গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।

মামলায় আরও ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয় জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য  আসামিরা হলেন আকিব হাসান রাজু ওরফে চুইল্লা রাজু, সোহেব ওরফে সৌরভ, সাখাওয়াত হোসেন পিংকি ও বাবু, ফয়সাল ওরফে রবিন, কাজল প্রধান, মাসুদ ওরফে মাইচ্ছা, নাদিম, মানিক, আব্দুর রব, স্বপন, বিল্লাল হোসেন বিল্লু, রানা ওরফে কাইল্লা রানা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৩ এপ্রিল সন্ধ্যায় মেরাজুল ইসলাম (২৮) তার ব্যবসাপ্রতিষ্ঠান আয়মান ইঞ্জিনিয়ারিং-এ অবস্থানকালে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার হুকুমে আকিব হাসান রাজু এলোপাতাড়ি কুপিয়ে মেরাজকে জখম করে। আসামিরা মেরাজের বন্ধু আল আমিনকেও কোপায়। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেরাজকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করে বুধবার ভোররাতে নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দেন কাউন্সিলর শাহীন মিয়া। এতে তিনি বলেন, ‘আমার কোনো আত্মীয়-স্বজন এ ঘটনায় জড়িত থাকলে তাদের শাস্তি দাবি করছি। কিন্তু আমাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত