র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে তোলা অভিযোগ সাবধানতার সঙ্গে খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশকেও প্রতিবেদনটি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘আমরা এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তাই করবে।’ তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের অবশ্যই জবাবদিহি করতে হবে।
গতকাল শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে বেদান্ত প্যাটেলের বক্তব্য ও ডয়চে ভেলের ভিডিও প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সোহেলী সাবরীন জানিয়েছেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় এমন অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, র্যাবকে নিয়ে জার্মান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিহীন।
