কিশোরগঞ্জের ভৈরবে দুই নার্সের ভুল অপারেশনে স্মৃতি বেগম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করা হয়েছে। শহরের দক্ষিণ চ-িবের এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মাতৃসদনে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার জামাল মিয়ার মেয়ে।
তবে ভুল চিকিৎসার কথা অস্বীকার করে মাতৃসদনটিতে কর্তব্যরত মিডওয়াইফ (ও নার্স) শামীমা আক্তার ও আইরিন বেগম বলেন, প্রতিদিন এখানে ১৫-২০ জন গর্ভবতীর বাচ্চা নরমাল ডেলিভারি করি।
শামীমা ও আইরিন আরও বলেন, বাচ্চা সুস্থভাবে ডেলিভারি করিয়েছি। ডেলিভারির সময় আমরা অতিরিক্ত রক্তক্ষণের জন্য ওষুধ ব্যবহার করেছি। রক্তক্ষরণ বন্ধও হয়েছিল। হঠাৎ পেট ব্যথা হওয়ায় স্বজনদের আল্টাসনোগ্রাফি করানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে বলি। পরে শুনেছি মারা গিয়েছে।
রোগীর ভাবী শাহানা বেগম ও চাচী রহিমা বেগমের ভাষ্যমতে, প্রসব ব্যথা শুরু হলে তারা স্মৃতিকে রেড ক্রিসেন্ট মাতৃসদনে নিয়ে যান। তখন তাদের জানানো হয় নরমাল ডেলিভারি হবে। কিন্তু পরে ডেলিভারির সময় এপিসিওটমি করতে চাইলে তারা অস্বীকৃতি জানান। তারপরও তারা এপিসিওটমি করে। এ সময় অতিরিক্ত রক্ত বের হতে থাকলে বারবার অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধা দিয়ে বলেন, ঠিক হয়ে যাবে।
রক্তক্ষরণ বন্ধ করতে তারা স্যালাইন করে। ইনজেকশন ও ট্যাবলেট দেয়। কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি। অবস্থা খারাপ হলে আমরা তাকে সেখান থেকে বাজিতপুরের ভাগলপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন রোগী মারা গেছে।
স্বামী সজিব মিয়া বলেন, ভাগলপুর হাসপাতালের ডাক্তার জানান বাচ্চা প্রসবের সময় তার রগ কেটে ফেলেছে, তাই অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।
