আইপিএলের গত আসরের ফাইনালে গুজরাট টাইটানসের কাছে হেরেছিল রাজস্থান রয়্যালস। এই আসরে দুই দলের প্রথম দেখায় বদলা নিল রাজস্থান। গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে গুজরাটের করা ১৭৭ রান ৪ বল হাতে রেখেই পেরিয়েছে রাজস্থান রয়্যালস। ১৭৮ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়েছিল রাজস্থান রয়্যালস। জস বাটলার, যশস্বী জয়সোয়াল আর দেবদূত পাড়িক্কাল দ্রুত আউট হয়ে বিপদে ফেলেছিলেন রাজস্থানকে।
তবে দলকে পথে ফেরান অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি ৩২ বলে ৬০ রান করেন ৩টি বাউন্ডারি ও ৬ ছক্কায়। এরপরের গল্পটা পুরোপুরি ক্যারিবীয় ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের। তিনি ৫ ছক্কায় ম্যাচ গুজরাটের হাত থেকে বের করে নিয়ে আসেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ধ্রুব জুরেল ও রবিচন্দ্রন অশ্বিন। জুরেল ১০ বলে ১৮ এবং অশ্বিন ৩ বলে ১০ রান করেন।
মোহাম্মদ শামি ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রশিদ খান ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে, গুজরাট টাইটানস ব্যাটসম্যানদের সম্মিলিত চেষ্টায় ১৭৭-এ পৌঁছে। ইনিংসে কোনো ফিফটি নেই। তবে শীর্ষ ব্যাটসম্যানরা প্রায় সবাই কিছু না কিছু অবদান রেখেছেন।
রাজস্থানের সেরা বোলার সন্দীপ শর্মা। তিনি ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ট্রেন্ট বোল্ট একটু খরচে ছিলেন, কিন্তু একটি উইকেট নিয়েছেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে ১ উইকেট লেগ স্পিনার অ্যাডাম জাম্পার। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
