বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা তেলভর্তি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ কর্মচারী আবুল কাশেমের মরহেদ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজের পূর্বপাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, স্পিডবোটে নদীতে টহল দিচ্ছিলাম। তখন তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বান্দরোডের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোসংলগ্ন কীর্তনখোলা নদীতে নোঙর করা জাহারে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রল ও ডিজেল ছিল। তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কর্মচারীরা। এ সময় নিহত হন দুই কর্মচারী।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা, জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেশার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।
