গাউছিয়া মার্কেট ঝুঁকিমুক্ত করতে ২০ সুপারিশ

আপডেট : ২২ মে ২০২৩, ০৭:০২ এএম

অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা রাজধানীর গাউছিয়া মার্কেটটি ফায়ার সার্ভিসসহ ৫টি সংস্থা পরিদর্শন করেছে। গতকাল রবিবার পরিদর্শনে গিয়ে মার্কেটটি নিরাপদ করতে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি স্থাপনসহ ২০টি সুপারিশও করে সংস্থাগুলো। এর আগে গত ৬ এপ্রিল অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় গাউছিয়া মার্কেটকে। এর কারণ হিসেবে বেশকিছু বিষয় চিহ্নিত করে মালিক সমিতিকে জানিয়েছিল সংস্থাটি। ৯০ দিনের মধ্যে ঝুঁকিগুলো নিরসনে সময় বেঁধে দেওয়া হয়।

গতকাল বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস, ঢাকা ওয়াসা এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা পরিদর্শনে যান। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ছিলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা অগ্নিঝুঁকিতে থাকা স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন করছি। তারই অংশ হিসেবে মার্কেটটিতে গিয়েছি। তাদেরকে ঝুঁকির বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বেশকিছু সুপারিশও করা হয়েছে। মার্কেটের মালিক সমিতি ইতিমধ্যে ঝুঁকি নিরসনে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আশা করছি ৯০ দিনের মধ্যে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

ফায়ার সার্ভিসের সুপারিশগুলো হলো জরুরিভাবে সিঁড়ির পাশে এক্সিট সাইন/ইমারজেন্সি লাইট স্থাপন, জরুরি ফোন নম্বর দৃশ্যমান স্থানে স্থাপন, কল পয়েন্ট সুইচ স্থাপন, ফায়ার অ্যালার্ম বেল স্থাপন, ফায়ার পাম্প স্থাপন ও সেটা আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংকের সঙ্গে সংযুক্ত, প্রতি ফ্লোরের জন্য ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা (রাইজারসহ) স্থাপন, ফ্লোরভিত্তিক ডেলিভারি হোজপাইপ স্থাপন (২.৫ ইঞ্চি ডায়া বিশিষ্ট)। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী পানির রিজার্ভার (আন্ডারগ্রাউন্ড) ট্যাংক বাড়ানো, প্রতিটি ফ্লোরের জন্য পি এ সিস্টেম স্থাপন, সাব-স্টেশন ও জেনারেটর রুমের জন্য ফায়ার ডোর স্থাপন, ছাদের দরজা রাখার ব্যবস্থা করা ইত্যাদি।

নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন করে বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত