মক্কা নগরীতে হজযাত্রীদের আবাসন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের আবাসনের জন্য চার লাখ ৪০ হাজার কক্ষ প্রস্তুত করা হয়েছে। সেখানে আগত হজযাত্রী থাকা শুরু করেছেন। এসব কক্ষে অন্তত ১৯ লাখ হজযাত্রী থাকার ব্যবস্থা রয়েছে। এক বিবৃতিতে মক্কা মিউনিসিপ্যালিটির মুখপাত্র উসামা জাইতুনি বলেন, মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে হজযাত্রীদের আবাসন সেবা নিশ্চিত করা হয়।
শর্তাবলি ও বিবরণ পূরণ সাপেক্ষে এবার ৩৪৪২ আবেদন অনুমোদিত হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ৪ লাখ ৪০ হাজার কক্ষে ১৯ লাখ হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা করা হয়।
স্থলপথে সৌদি আরবে এসে পৌঁছেছে হজযাত্রীদের প্রথম কাফেলা। গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জাদিদাত আরার ল্যান্ড ক্রসিং দিয়ে ইরাক থেকে হজযাত্রী আসেন। এর আগে গত ২১ মে থেকে বিভিন্ন দেশ থেকে উড়োজাহাজে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ উপলক্ষে এ বছর ২০ লাখের বেশি মুসলিমের সমাগম আশা করছে সৌদি আরব। এর মধ্যে ১২ লাখের বেশি বিভিন্ন দেশের হজযাত্রী অংশ নেবেন।
