দেশের কমিউনিটি ক্লিনিকের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন দেশের চিকিৎসকমহল। তারা কমিউনিটি ক্লিনিকের ধারণা উদ্ভাবন ও প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাটি ‘কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা : সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের জন্য একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পন্থা’ শিরোনামে এবং ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে তারা এ অভিমত জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছিল স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
