এভারেস্টের চেয়েও উঁচু যে পাহাড়

আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:৪৯ পিএম

মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু পর্বতমালা আছে বলছেন বিজ্ঞানীরা। সেই পাহাড়ের উচ্চতা এভারেস্টের চেয়ে প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি।

এসব স্থানে এখনও মানুষের পা পড়েনি বা সূর্যের আলো পৌঁছায়নি। এখন পর্যন্ত কেউ জানে না কীভাবে এবং কেন এগুলো তৈরি হয়েছিল। ভূগর্ভের গভীরে ওই সুবিশাল পর্বতমালার খোঁজ পাওয়া গেছে বলে দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা।

২০১৫ সাল থেকে ভূগর্ভের বিষয়ে গবেষণা চালিয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে তৈরি হওয়া তরঙ্গের সিসমিক ডেটা বিশ্লেষণ করেন তারা। তখনই সুবিশাল ওই পর্বতমালার আবিস্কার করেন তারা।

এই গবেষণায় সহায়তা করেছে অ্যান্টার্কটিকার সিসমোলজি সেন্টারও। গবেষণায় অ্যান্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সিসমিক রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূপদার্থবিদরা।

সমুদ্র পৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। বিজ্ঞানীদের দাবি, ভূগর্ভে লুকিয়ে থাকা ওই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় ৩৮ কিলোমিটার।

অর্থাৎ পাহাড়টিকে নিয়ে যেরকম কল্পনা করা হচ্ছে, বাস্তবে সেটি আরও অনেক বেশি বড় বলে জানান ভূগর্ভ সংক্রান্ত অ্যারিজোনার গবেষকদের দলে থাকা আলাবামা বিশ্ববিদ্যালয়ের সামান্থা হ্যানসেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সিসমিক তথ্য বিশ্লেষণে ভূগর্ভের ভিতরের সর্বোচ্চ রেজ্যুলুশনের ছবি ধরা পড়েছে।

হাই-ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে দেখা যায় এক এক জায়গায় এক এক রকম উপাদানগুলো এক এক রকম মোটা। কোথাও কয়েক কিলোমিটার, কোথাও আরও বেশি।

বিজ্ঞানীদের অনুমান, সম্ভবত প্রাচীনকালে টেক্টোনিক প্লেট গুরুমণ্ডলের ভিতরে ঢুকে গিয়েছিল। পরবর্তীকালে ওই প্লেট গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়ে যায়। তার জেরেই এই পর্বতের সৃষ্টি হয় বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, গবেষকদের আরও দাবি, সুবিশাল ওই পর্বতমালায় রয়েছে ব্যাসল্ট পাথর। সেখানে প্রস্তরীভূত শিলাও পাওয়া যেতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত