৩২তম বার এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়লেন নেপালি শেরপা

আপডেট : ১৭ মে ২০২৬, ০৩:০৬ পিএম

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৩২তম বার জয় করে নতুন ইতিহাস গড়েছেন নেপালের অভিজ্ঞ শেরপা গাইড কামি রিটা শেরপা। রবিবার (১৭ মে) তিনি নিজের আগের রেকর্ডই ভেঙে এই কৃতিত্ব অর্জন করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৫৬ বছর বয়সী কামি রিটা শেরপা ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) উচ্চতার এভারেস্ট শৃঙ্গে পৌঁছান  বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে।

নেপালের পর্যটন বিভাগ তাকে এই ঐতিহাসিক অর্জন এর জন্য অভিনন্দন জানিয়ে বলেছে, তিনি পর্বত পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিবৃতিতে জানানো হয়, রোববার সকাল ১০টা ১২ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪:২৭) তিনি শীর্ষে পৌঁছান।

একই অভিযানে ৫২ বছর বয়সী আরেক নারী শেরপা লাখপা ১১তম বার এভারেস্ট জয় করেন, যা নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। 

কামি রিটা শেরপা সোলুখুম্বু জেলার থামে গ্রামে জন্মগ্রহণ করেন, যে গ্রামেই এভারেস্ট বিজয়ী প্রথম দুই পর্বতারোহী তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি জন্মগ্রহণ করেছিলেন। 

তিনি ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্টে ওঠেন এবং এরপর প্রায় প্রতি বছরই এই শৃঙ্গ জয় করেছেন, শুধু ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে বিভিন্ন কারণে অভিযান বন্ধ থাকায় তিনি উঠতে পারেননি। কিছু বছরে তিনি একাধিকবারও শীর্ষে পৌঁছান।

১৯৫৩ সালে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম এভারেস্ট জয় করার পর থেকে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ এই শৃঙ্গে আরোহণ করেছেন, অনেকেই একাধিকবার।  

শেরপা নন এমন পর্বতারোহীদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ব্রিটিশ গাইড কেনটন কুলের, যিনি ১৯ বার এভারেস্ট জয় করেছেন। তার পরেই রয়েছেন মার্কিন পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন, যারা ১৫ বার করে শীর্ষে উঠেছেন।

এভারেস্টসহ বিভিন্ন শৃঙ্গে বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করা শেরপারা স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের পরিবারের আয়ের প্রধান উৎস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত