বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, জাতীয় সরকারের অধীনে হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে দলটি আয়োজিত পদযাত্রা পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।
গতকাল বুধবার নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রাটি বায়তুল মোকাররম থেকে শুরু করে শান্তিনগর মোড়ে এসে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
রেজাউল করীম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। আর জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীন নয়, জাতীয় সরকারের অধীন হতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বায়তুল মোকাররম থেকে পদযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু পদযাত্রার আগে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
