ট্রাকে ট্রাকে ঢাকায় ঢুকছে কোরবানির পশু

আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:১৬ পিএম

স্থায়ী ও অস্থায়ী মিলে ঢাকার দুই সিটি করপোরেশনে কোরবানির পশু বেচাকেনার জন্য বসছে ১৯টি হাট। ইতিমধ্যে হাটগুলো বিভিন্ন ধরনের পশুতে ভরে গেছে। অস্থায়ী হাটগুলোর ইজারার শর্ত অনুযায়ী রোববার (২৫ জুন) থেকে বিক্রি শুরু হওয়ার কথা। তবে পশু আগে ওঠায় হাটগুলোতে স্বল্প পরিসরে বিক্রিও শুরু হয়েছে।

শনিবার (২৪ জুন) সরেজমিনে বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ট্রাকে ট্রাকে আসছে গরু ও ছাগল। বেপারীরা ট্রাক থেকে নেমেই আগে জায়গা ঠিক করছেন। তারা হাটে কদিন থাকার প্রস্তুতি নিয়ে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন তাবু, বালিশ, কাঁথা, চট, চাদর, হাড়িপাতিল ও গোখাদ্য। একেকজন বেপারী ১০ থেকে শুরু করে অর্ধশতাধিক পর্যন্ত গরু নিয়ে এসেছেন। হাটে আগত গরুর বেশির ভাগই দেশি।

image

রাজধানীর কমলাপুর হাট ঘুরে দেখা গেছে, এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। ক্রেতা উপস্থিতিও কম। যেসব পাইকার ও খামারিরাও এসেছেন তারা অলস সময় পার করছেন। কেউবা ব্যস্ত ছিলেন গবাদি পশুর যত্নআত্তি নিয়ে। রাজধানীর হাজারীবাগের পশুর হাটে গিয়েও একই চিত্র দেখা যায়।

পুরান ঢাকার ইসলামবাগ হাট পশুতে কানায় কানায় ভরে উঠেছে। যদিও এই হাটের বিশেষ আকর্ষণ মীর কাদিমের গরু এখনো এসে পৌঁছায়নি। লোকজন হাটে পশু দেখতে ভিড় করছে। আর দনিয়া হাটটি ইতিমধ্যে বিভিন্ন আকারের গরুতে ভরে উঠেছে। এই হাটে গরু ছাড়া অন্য কোনো পশু দেখা যায়নি। হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের সামনের খালি জায়গার হাটও কোরবানি পশুতে ভরে গেছে। প্রতিবারের মতো এবারও হাটটি বিস্তৃত হয়ে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত পৌঁছেছে।

image

শ্যামপুরের শ্মশানঘাট হাটে গিয়ে দেখা যায়, বিশাল এই হাটটিতে প্রচুর গরুর সমাগম। মেরাদিয়া হাটে গিয়ে দেখা গেছে, কোরবানির পশুতে ভরে উঠেছে হাট। তবে এ হাট বনশ্রী এইচ ব্লক, এভিনিউ সড়ক, জে, কে, এল, এম ও এন ব্লকের সব সড়কে বসেছে। বাসাবাড়ি, রাস্তা, ফুটপাত, দোকান, হাসপাতাল, মসজিদের আশপাশে, সামনে ও পেছনে সর্বত্রই বেঁধে রাখা হয়েছে গরু এবং ছাগল। আবাসিক এলাকার রাস্তার উভয় পাশে সারি সারি বাড়ি। এসব ভবনের সামনে গরু বেঁধে রাখতে দেখা গেছে। যেসব গলিতে পশু রাখা হয়েছে; সেই সব গলিতে চলাচল করা যাচ্ছে না। আর মাইকে সারা দিনই চলছে উচ্চ শব্দে পশু বিক্রির ঘোষণা।

বেপারীরা বলছেন, সকাল থেকে ক্রেতারা আসছেন। কিন্তু দাম জিজ্ঞাসা করেই তারা চলে যাচ্ছেন। অনেকে শুধুই দেখতে আসেন। এ বছর গরুর দাম বেশি হওয়াতে অনেকেই বাজার যাচাই করে গরু কিনবেন বলে তারা জানান।

image

উত্তরার বাসিন্দা সারোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতি ও শুক্রবার দুদিন উত্তরা হাটে গিয়েছিলেন তিন বন্ধু মিলে। আগেভাগে পশু কিনতে দামাদামি করেছেন। দাম বেশি হওয়ায় কেনেননি। বিক্রি জমে উঠলে কিনবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কোরবানি পশুর অস্থায়ী হাটগুলো ইতিমধ্যে পশুতে ভরে উঠেছে। এ খবর আমরা পেয়েছি। কোথাও কোথাও স্বল্প পরিসরে বিক্রিও হচ্ছে; এটাও অসত্য নয়। আগেভাগে পশু হাটে আসায় এবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা দেশের সড়ক-মহাসড়কে হাট বসা নিষিদ্ধ থাকবে। পশুহাটে পশু চিকিৎসক থাকবেন। পশু কোনো নির্ধারিত হাটে নেওয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেওয়া হবে। হাসিলের পরিমাণ সাইন বোর্ডে লেখা থাকতে হবে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না। পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হবে। এছাড়া জাল নোট শনাক্ত করার মেশিন ও এটিএম বুথও থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত