অভাবনীয় সাড়া পাচ্ছে ‘পুতুলের সংসার’

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৪:০৮ পিএম

পতীতাপল্লীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘পুতুলের সংসার’, যেটি মুক্তির পর অভাবনীয় সাড়া পাচ্ছে অন্তর্জালে। নারীকেন্দ্রিক এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আহমেদ তাওকীরের গল্পে এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত নাটকটি দেখেছে ৯ লাখ ২৯ হাজারেরও বেশি দর্শক। মন্তব্য জমা পড়েছে পাঁচশ এরও বেশি। মন্তব্যের ঘরে ইতিবাচক সাড়াই বেশি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নাটকটির বন্দনা।

একজন লিখেছেন, বাস্তব জীবনের সাথে মিল রয়েছে, নাটকে সমাজের অনেক দিক তুলে ধরা হয়েছে। তিশা আপুর অভিনয়ের কোন তুলনা নেই, পুরো টিম কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য।

লাভ ইমুজি দিয়ে একজন মন্তব্য করেন, তানজিন তিশার অভিনয় দেখে মুগ্ধ হলাম। এককথায় দারুণ।

আরেকজন লিখেন, হাজারো মানুষের সাথে ঘটে যাওয়া চির পরিচিত গল্প, নতুনভাবে উপস্থাপন। অভিনয়ে দক্ষতা ফুটে উঠেছে তিশার।

দর্শকদের এমন অভাবনীয় সাড়ায় মুগ্ধ তানজিন তিশা। তিনি বলেন, ‘দর্শকদের কাছ থেকে অনেক অনেক প্রশংসা পাচ্ছি। কেউ কেউ ফোন দিচ্ছেন আবার কেউ বা মেসেজ দিয়ে কাজটি নিয়ে ভালো লাগার কথা জানাচ্ছেন। এই কাজটি করা আমার জন্য সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জিং ছিল। সবার কাছে ভালো লেগেছে, মনে হচ্ছে কষ্ট সার্থক।’

নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘আমরা প্রায় পাঁচদিন শুট করেছি। অনেক কষ্ট করেছি কাজটির জন্য। প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। অবশেষে দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন। দর্শক্রা কাজকে গ্রহণ করলে তখন কষ্টটাও আর কষ্ট মনে হয় না।’

তানজিন তিশা ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন সোহেল মন্ডল, চিত্রলেখা গুহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত