শুরুতে বোলিং পরে ব্যাটিং ব্যর্থতায় হার

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম

ম্যাচের উইকেট বদলাল। সঙ্গে বাংলাদেশের ভাগ্যেও বদল হলো। সিরিজ জয়ের ম্যাচে আনন্দ তো নয়ই উল্টো বড় হারের হতাশা গ্রাস করল নারী দলকে। ভারত নারী দলের কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১২০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হার ১০৮ রানের। ম্যাচে শুরুতে বোলিং আর পরে নিগার সুলতানাদের জন্য কাল হলো ব্যাটিং ব্যর্থতা। আগের ম্যাচের মতো নিয়ন্ত্রিত বোলিং ছিল না কারও, আর ব্যাটিংয়ে ১৪ রানে ৭ উইকেট হারনোয় লড়াইয়ের সুযোগটাই হয়নি। তবুও বাংলাদেশ নারী দলের সামনে ইতিহাস গড়ার সম্ভাবনা আছে। শেষ ম্যাচে জিতলে ভারতকে প্রথমবার সিরিজে হারানো হবে বাংলাদেশের।

সিরিজ জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশ নারী দলকে। টপকাতে হতো ওয়ানডেতে নিজেদের সেরা রান তাড়ার (২১০) নজির। সেই চ্যালেঞ্জের কাছেও যাওয়া হলো না। বাংলাদেশের ইনিংস লাইন থেকে পড়ে যায় দুটি স্ট্যাম্পিংয়ে। নিজেদের ভুলে দুই সেট ব্যাটারই ফিরেছেন ড্রেসিংরুমে। বড় রান তাড়ায় নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ওই অবস্থান থেকে ফারজানা হক ও রিতু মনি মিলে টেনে তোলেন বাংলাদেশকে। দুজনের ৬৮ রানের জুটিতে জয়ের স্বপ্নটাও উঁকি দেয়। দুজনে আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের ২১ ওভারে ১২৩ রানের মতো দরকার ছিল।

এমন আশার সময়ই আশার বেলুন ফুটে গেল। দেবিকা বিদ্যার একটি ঝুলিয়ে দেওয়া বলে ডাউন দ্য উইকেটে গিয়ে শট নিতে যান ফারজানা। বলের লাইন মিস করে ফিরলেন স্ট্যাম্পিং হয়ে ৮১ বলে ৫ চারে ৪৭ রান করে। ৬৮ রানের দারুণ জুটির সমাপ্তি হয়। পরের ওভারেই একইভাবে রিতু মনিও ফেরেন ৪৬ বলে ৩ চারে ২৭ করে স্ট্যাম্পিং হয়ে। পরের সময়ে বাকি ব্যাটাররা যাওয়া আসায় ব্যস্ত ছিলেন। ১০৬ থেকে ১২০ রান আসতেই ৭ ব্যাটার আউট হন বাংলাদেশের। ৩.১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জেমিমাহ।

প্রথম ওয়ানডেতে ১২০ এর কমে গুটিয়ে যাওয়া ভারত এদিন দারুণভাবে ফিরে আসে ব্যাটিং শক্তিতে। জেমিমা রদ্রিগেজ খেলেছেন ক্যারিয়ার সেরা ৭৮ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস। তার ব্যাটেই বড় স্কোরের পথ পেয়ে যায় ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে ইনিংসকে কক্ষপথে আনেন। হারমানপ্রিত ৮৮ বলে ৩ চারে ৫২ রান করেন। পরে ২৫ রান করা হারলিন দেওলকে নিয়ে গড়েন আরও ৫৮ রানের জুটি। এর আগে ওপেনার স্মৃতি মানধানা ৫৮ বলে ৩৬ রান করেন। বাংলাদেশের হয়ে সালতানা খাতুন ও নাহিদা আকতার ২টি করে উইকেট নেন। রাবেয়া ও মারুফা নেন একটি করে উইকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা নাহিদা এই হারের পুরো ব্যর্থতাই নিজেসহ লেট অর্ডারে নামা ব্যাটারদের ওপর নিলেন, ‘ব্যাটিংয়ে শুরুতে চাপে পড়েছিলাম কিন্তু একটা সময় পর মোমেন্টাম আমাদের দিকে আসছিল। কিন্তু আমরা যারা শেষদিকে ব্যাটিংয়ে নেমেছিলাম আমরা দায়িত্ব নিতে পারিনি। আমাদের উচিত ছিল আরও একটা সময় নিয়ে ব্যাট করার। ব্যর্থতাটা আমাদের।’

বিশাল রানে হারের পরও মন শক্ত রেখে সিরিজ জয়ের স্বপ্নের কথা বললেন এই বাঁহাতি স্পিনার, ‘আমরা মানসিকভাবে শক্ত আছি। শেষ ম্যাচটা অবশ্যই সিরিজ জয়ের জন্য নামব। শতভাগ দিয়েই খেলব। আমরা কোনো চাপ নিইনি যে সিরিজ জেতার জন্য ম্যাচ জিততেই হবে। আসলে বোলিংটা খারাপ হওয়ায় ওদের রান বেশি হয়ে যায়। এরপর ব্যাটিংও ভালো হয়নি।’ 

রবিবার এই মিরপুরেই হবে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত