রাজধানীর বংশাল কাজী আলাউদ্দিন রোডে একটি প্রিন্টিং কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই কারখানাটির একাংশের স্বত্বাধিকারী। গত মঙ্গলবার রাত ৩টার দিকে কাজী আলাউদ্দিন রোডে ‘মামা-ভাগিনা স্কিন প্রিন্টিং’ নামে কারখানাটিতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মহিষমারি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে হাসান। থাকতেন ওই কারখানাটিতেই।
কারখানাটির একাংশের মালিক ও তার দূরসম্পর্কের মামা জব্বার চৌকিদার জানান, তিনি এবং হাসান দুজনে এ কারখানাটি পরিচালনা করেন। মঙ্গলবার মধ্যরাতেও কাজ করছিলেন তারা। ঘটনার আগ মুহূর্তে তিনি কারখানার বাইরে ছিলেন। তখন কর্মচারীদের মাধ্যমে খবর পান, ইলেকট্রিক বোর্ড থেকে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েছেন হাসান। সঙ্গে সঙ্গে তিনি কারখানা থেকে হাসানকে ঢামেকে নিয়ে যান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
