কক্সবাজার ঝিলংজার একটি মৌজায় পাহাড় শ্রেণির জমিতে সাংবাদিকদের আবাসনে ভূমি বরাদ্দ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে ঝিলংজায় পাহাড় কাটা বন্ধে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
গতকাল রবিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বেলা। গত ১৩ জুলাই এ রিট আবেদনটি করা হয়েছে।
রুলে ঝিলংজা মৌজার ৪৯ দশমিক ৯৭ একর পাহাড় রক্ষায় ব্যর্থতা সংবিধান, প্রচলিত আইন ও উচ্চ আদালতের রায়ের পরিপন্থী হওয়ায় কেন তা আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় রক্ষার কেন নির্দেশ দেওয়া হবে না এবং পাহাড় কাটা ও পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চায় আদালত। পরিবেশ সচিব, ভূমি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
