রিয়াদ-আফিফকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড!

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৪:৩৪ পিএম

ওয়ানডে অধিনায়ক নির্বাচন হয়ে গেছে। এবার এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণার পালা। সেই স্কোয়াডে হয়তো ঠাঁই হচ্ছে না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুবর।

‘হয়তো’ না লিখে ‘নিশ্চিত’ শব্দটাই ব্যবহার করা যায়। কারণ স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই যে এমনটা বলেছেন।

বিসিবি সভাপতি শুক্রবার নিজ বাস ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে জানান, আগামীকালই এশিয়া কাপের দল দেওয়া হবে।

৩০ অক্টোবর শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল দেওয়ার শেষ সময় ১২ আগস্ট। বাংলাদেশ শেষ দিনই দল ঘোষণা করবে। সেই দলটা ১৭ সদস্যের হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।

কিন্তু সেখানে মাহমুদউল্লাহ ও আফিফের বড় জোড় অতিরিক্ত খেলোয়াড় হিসেবে সুযোগ দেখছেন বিসিবি সভাপতি।

ওয়ানডেতে, বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরে সাত নম্বর পজিশনে কে খেলবেন এনিয়ে আলোচনা অনেক দিন ধরেই। এই পজিশনে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফের নাম বেশ ভালোভাবেই ছিল আলোচনায়। কিন্তু বিসিবি সভাপতি এদিন সরাসরি বললেন, ‘মনে হয় এটা মোটামুটি ক্লোজ হয়ে গেছে।’

স্কোয়াডে কারা কারা থাকতে পারেন, একে একে নাজমুল হাসান বিভিন্ন খেলোয়াড়ের নাম বলেন। সেখানে মাহমুদউল্লাহ ও আফিফের নাম ছিল না। এরপর তিনিই প্রশ্ন রাখেন, ‘আপনারাই বলেন কাকে বাদ দেব?’

যোগ করেন, ‘আসলে অপশন নেই। অ্যাডিশনাল খেলোয়াড় কাকে নেবে এটা জিজ্ঞেস করতে পারেন আমাকে। অ্যাডিশনাল খেলোয়াড় হিসেবে অবশ্যই আফিফ, মাহমুদউল্লাহ, শামীম পাটোয়ারি আছে।’

তিনি আরও বলেন, ‘কিছু খেলোয়াড় আছে যাদের স্কোয়াডে নিলে খেলাতেই হবে। নিয়ে গিয়ে বসিয়ে রাখতে পারবেন না। তাহলে বাদ দেবে কাকে? বিশ্বাস রাখেন দলের ওপরে। আমি মনে করি আমাদের যে দলই খেলবে, ভালো খেলবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত